শেখ হাসিনার দেশে ফেরার ঘোষনা: বাস্তব নাকি রাজনৈতিক কৌশল—বিষয়টি দিল্লি কিভাবে দেখছে

দিগন্তবাণী ডেস্ক:
আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এই ঘোষণাকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ‘নীল নকশা’ বা সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন।
সোয়া দুই বছরের প্রেক্ষাপট ও মাঠের তৎপরতা
সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রগুলোর মতে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর শেখ হাসিনাসহ দলটির শীর্ষ ও মধ্যম সারির অনেক নেতা-কর্মী দেশ ত্যাগ করলেও বিভিন্ন মাধ্যমে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। আন্দোলনের পর প্রায় সোয়া দুই বছর অতিবাহিত হয়েছে। পর্যবেক্ষকদের দাবি, এই সময়ে দলটির নেতা-কর্মী ও সমর্থকরা সাধারণ মানুষের মনোভাব যাচাই এবং মাঠ পর্যায়ের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন। তাদের মূল লক্ষ্য হলো—দেশে পুনরায় কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অনুকূল পরিবেশ সৃষ্টি করা, যাতে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম হয়।
যেসব কৌশলের কথা বলছেন পর্যবেক্ষকরা
রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে জনমত নিজেদের পক্ষে আনতে এবং অস্থিরতা তৈরিতে বেশ কিছু কৌশল নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে:
- ইস্যুভিত্তিক প্রচারণা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কৃষকদের সার সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সামনে এনে বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা তৈরির চেষ্টা।
- প্রশাসন ও বাহিনীতে প্রভাব বিস্তারের চেষ্টা:সূত্রগুলোর দাবি, প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ) একাংশকে আর্থিক বা অন্যান্য সুবিধার মাধ্যমে নিজেদের পক্ষে প্রভাবিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।
- নাশকতামূলক তৎপরতা:নভেম্বর মাস থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে ‘প্রতিবিপ্লবের’ পরিবেশ তৈরির চেষ্টার কথাও বলছেন পর্যবেক্ষকরা।
ফিরে আসার সম্ভাবনা কতটুকু? বিশ্লেষকদের মত
দেশে ফেরার এই ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা চললেও শেখ হাসিনার আদৌ দেশে ফিরে আসার কোনো বাস্তব সম্ভাবনা নেই বলে মনে করছেন অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক।
ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বিশ্লেষকদের অনেকে ইরানের বিপ্লব-পরবর্তী পরিস্থিতির উদাহরণ দিচ্ছেন। তাদের মতে, ইরানের রেজা শাহ ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন, তখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয়েছিল যে—শাহ ফিরে এলে বিপ্লবীদের পরিণতি কী হবে। কিন্তু পরবর্তীতে দেখা যায়, সেটি ছিল নিছক একটি রাজনৈতিক প্রপাগান্ডা বা মনস্তাত্ত্বিক কৌশল।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির মন্তব্য করেছেন, “পৃথিবীর ইতিহাসে কোনো দেশেই এমন কোনো নজির নেই যে, গণঅভ্যুত্থানের মুখে বিতাড়িত কোনো রাষ্ট্রনায়ক আবার ক্ষমতায় ফিরে এসেছেন।”শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনাও তেমনি প্রপাগান্ডা ও দ্বিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।
মাঠ পর্যায়ের কর্মীদের ঝুঁকি
পর্যবেক্ষকদের মতে, কেন্দ্র থেকে আসা এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত হয়ে মাঠ পর্যায়ের কিছু কর্মী ও সমর্থক গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন, বাস্তবতা না বুঝেই আবেগের বশবর্তী হয়ে তারা নিজেদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছেন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে
বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে গণ–অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়ে রয়েছেন, তাও সোয়া দু‘বছরের ওপর হলো।
ইতোমধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে – এবং কয়েকমাস আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। আজ পর্যন্ত তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন, যদিও দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনতারিখ এখনো জানাননি।
শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহুর্তে তার ‘হোস্ট কান্ট্রি’ যারা, সেই ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধও প্রায় দু’বছর হতে চললো তারা ঝুলিয়ে রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বারেবারেই বলেছেন, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে।
কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে? এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই ‘প্রত্যাবর্তনে’র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে?
দিল্লি পুরো বিষয়টি এবং এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের যোগ কতটা?
সহজ উত্তর হলো, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি।
অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি – দু’পক্ষই এই ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।
দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটা ইস্যু হয়ে উঠেছে, এটা কোনও গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।
ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভাল সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনও দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।
ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।
বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের সে দেশে ফেরা ছাড়া আর কোনও বিকল্প নেই – সেটা নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত।
ভারতে আশ্রয় পাওয়া বিদেশি অতিথিদের জন্য সরকার নিয়িমিত ডিব্রিফিং-এর আয়োজন করে থাকে। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন এবং এই সেসনগুলোতে তাকে ভারতের এই মনোভাবের কথা তুলেও ধরা হয়েছিল।
দু’পক্ষ বিষয়টি নিয়ে সহমত হওয়ার পরেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।
প্রত্যর্পণের অনুরোধ তাহলে ঝুলিয়ে রাখা কেন?
শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল ২০২৪-এর ডিসেম্বরেই। এরপর একাধিকবার সেই মর্মে তাগাদাও দেওয়া হয়েছে।
ভারত আজ পর্যন্ত সেই অনুরোধে কোনও সাড়া দেয়নি – হ্যাঁ বা না কিছুই বলেনি। কিন্তু ভারত যদি সত্যিই চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, তাহলে সে অনুরোধ মেনে নিতে অসুবিধা কোথায়?
এর উত্তরে ভারতের পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু – তাকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অতীতে ‘হাতকড়া পড়িয়েও’ বিদেশ থেকে বন্দিদের ফেরত পাঠানোর নজির আছে।
কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সেরকম কিছু করবে – তা কল্পনারও অতীত।
যদি সেটা করা হয় – তাহলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে। যেমন নেপালে, শ্রীলংকায় বা মালদ্বীপে কোনও নেতাই ভারতকে আর কখনো ভরসা করতে পারবেন না।
তা ছাড়া শেখ হাসিনা যখন ২০২৪-র ৫ই অগাস্ট ভারতের মাটিতে পদার্পণ করেন, তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না – ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের চোখে তার সেই ‘স্ট্যাটাসে’ কোনো পরিবর্তন হয়নি।
ভারত ও বাংলাদেশের মধ্যেকার বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন অনেক আইনি ফাঁকফোকর আছে, যা কাজে লাগিয়ে কোনও অনুরোধ দিনের পর দিন ফেলে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধ নিয়েও ভারতও ঠিক সেরকম কিছুই করছে।
তাহলে ভারত কী চায়, কোন শর্তে শেখ হাসিনা ফিরবেন?
দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।
প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।
এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।
দ্বিতীয় শর্তটা হল, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।”
সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন।
এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।
দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা এখানে কতটা গুরুত্বপূর্ণ?
অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী যখন কিছুটা আকস্মিকভাবে এক অনির্ধারিত সফরে দিল্লিতে আসেন, তখন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও তিনি দেখা করেছিলেন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও।
ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বিবিসিকে বলেন, “বাংলাদেশে আমাদের হাই কমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনও কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।”
তিনি আভাস দিয়েছিলেন, সেই কারণটা আর কিছুই নয় – শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীরও একটা সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
বস্তুত গত দু-আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে যতই ওঠাপড়া থাক, দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ থেকেছে এবং তাতে কখনোই কোনও ছেদ পড়েনি।
ভারতে ঠিক এর আগের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তার পূর্বসূরীরাও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, “চব্বিশের জুলাইয়ের আগে থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে”।
দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্কটা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই আসলে ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন।
তিনি তখন বলেছিলেন, “দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে না, এটাও তো ভারত নিশ্চিত করতে চাইবে। কারণ চাই বা না চাই, এই দায়িত্ব এই মুহুর্তে ভারতের কাঁধেই এসে পড়েছে।”
ফলে বাংলাদেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার ভার সে দেশের সেনাবাহিনীই নিক, এটাও ভারত চাইছে।
ডিসেম্বরে শেখ হাসিনা কী আদৌ ফিরতে পারবেন, ভারত কী ভাবছে?
এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া এই মুহুর্তে খুব কঠিন – তবে ভারত মনে করছে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা অন্য জায়গায়।
দিল্লিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেছেন, তাদের ধারণা মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক – আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুন।
“জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ – বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে,” বলছেন কর্মকর্তারা।
তার ওপর শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে অনেকগুলো ‘যদি’ বা ‘কিন্তু’ আছে – যেমনটা এই প্রতিবেদনে আগেই ব্যাখ্যা করা হয়েছে।
এই জিগস’ পাজলের সব টুকরো খাপে খাপে মিলে যাবে – তাও আগামী দু’তিন সপ্তাহের ভেতর – সেই সম্ভাবনা বেশ সুদূরপরাহত বলেই এই মুহুর্তে ধারণা করা হচ্ছে।
ফলে অচিরেই ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ বলেই দিল্লিতে বেশির ভাগ পর্যবেক্ষকের অভিমত।



