প্রধান শিরোনাম

রাজনীতির অঙ্গনে ক্ষোভ-হতাশা

বিশেষ রাজনৈতিক প্রতিবেদন:

দিন যত যাচ্ছে, মানুষের মনে হতাশার কালো মেঘ ততই ঘনীভূত হচ্ছে। যে আশা ও স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, তা যেন আজ এক অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ সব অংশীদার শক্তি এক প্ল্যাটফর্মে এসে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের মূল দলিল ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ঐক্যমত্যে পৌঁছেছিল। নির্বাচনের পর তা যথাযথ বাস্তবায়নের অঙ্গীকারও করা হয়েছিল। বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের এই প্রত্যাশাই দেশের মানুষকে নতুন আশা দেখিয়েছিল। কিন্তু বর্তমানে সেই স্বপ্ন যেন লাল ফিতার দৌরাত্ম্যে আটকা পড়ে গুমরে মরছে।

সাধারণ মানুষ প্রশ্ন তুলছে—যে আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রায় দেড় হাজার মানুষ জীবন দিলেন এবং তিন হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করলেন, তার ফল কী হলো? জনগণ কোনো নির্দিষ্ট দলকে কেবল ক্ষমতায় বসানোর জন্য জীবন দেয়নি; তারা চেয়েছিল যে দলই আসুক, জুলাই সনদ বাস্তবায়ন করে এক বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেবে। দেশের ৬৯ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে সেই রায়ই জানিয়ে দিয়েছিল।

তবে নির্বাচনের পর বিএনপি সংসদ সদস্যরা শপথ নেওয়ার ক্ষেত্রে একক শপথ গ্রহণ করেন। অথচ জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ ছিল—সনদ বাস্তবায়নে সংসদের দুই কক্ষে (উচ্চ ও নিম্নকক্ষ) দুটি পৃথক শপথ নিতে হবে। অন্যদিকে জামায়াত, এনসিপিসহ বিরোধী দলগুলো দুটি শপথই গ্রহণ করে। এর পর থেকে বিরোধী দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনা ও যুক্তিতর্ক উপেক্ষা করে বিএনপি একলা চলো নীতিতে দেশ পরিচালনা করায় চরম সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ছয় মাসে দেশে গ্যাস, বিদ্যুৎ, সার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি ঘটেছে। সাধারণ মানুষের মনে দানা বাঁধছে ক্ষোভ। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় মানুষ প্রশ্ন তুলছে—ফ্যাসিবাদের পতন ঘটিয়ে সাধারণ মানুষের জীবনের মান কতটা উন্নত হলো? বিপ্লবের পক্ষের শক্তিগুলো চুপ করে এসব সহ্য করলেও, মানুষের এই অসন্তোষ পরোক্ষভাবে পরাজিত ফ্যাসিবাদের সুবিধা করে দিচ্ছে।

একই সঙ্গে গুঞ্জন রয়েছে, রাজনৈতিক এই ভঙ্গুর পরিস্থিতির সুযোগ নিতে ওৎ পেতে আছে ক্ষমতাচ্যুত শক্তি এবং তাদের দেশি-বিদেশি মিত্ররা। পুলিশ ও প্রশাসনে এখনো রদবদল পুরোপুরি কার্যকর না হওয়ায় সেখানে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি গুলশানে একটি মিছিল ঘিরে পুলিশের নিষ্ক্রিয়তা নতুন রহস্য ও ষড়যন্ত্রের বার্তা দিচ্ছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মাঠে নেমেছে। ৬ দফাসহ মোট ৮ দফা দাবি বাস্তবায়নে তারা লংমার্চের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। বিরোধী নেতাদের মতে, সরকার জনগণের খাদ্য ও জানমালের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। মগবাজার চৌরাস্তায় ঢাকা-রংপুর লংমার্চের গণসংযোগকালে জামায়াতের সহকারী সেক্রটারি জেনারেল অভিযোগ করেন—গ্যাস সংকটে শিল্পকারখানা বন্ধ হওয়ার উপক্রম, সারের অভাবে কৃষি উৎপাদন ব্যাহত এবং লোডশেডিং ও মূল্যস্ফীতিতে মানুষের জীবন অতিষ্ঠ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে বিরোধী দলের মতামত যেভাবে উপেক্ষিত হচ্ছে, তাতে তারা রাজপথের আন্দোলনে ফিরে গেলে সংসদ অচল হয়ে পড়তে পারে। এতে সরকার আরও কঠিন রাজনৈতিক সংকটে পড়বে। তাই দেশের স্থিতিশীলতা রক্ষা ও জুলাই সনদের মূল চেতনা বাস্তবায়নে ক্ষমতাসীন দল বিএনপির উচিত সব পক্ষকে সঙ্গে নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button