শীতের আগমন প্রতিধ্বনী: ব্যস্ত হয়ে উঠেছে গাছিরা

স্টাফ রিপোর্টার:
প্রকৃতিতে শুরু হয়েছে শীতের আবহ। ঝিরঝিরে শীতল বাতাস জানান দিচ্ছে শীতের আগমন পদধ্বনী। অন্যবারের চেয়ে এবছর শীতের আগমন একটু দেরিতে হওয়ায় বেশি হতাশার মধ্যে রয়েছেন বৃহত্তর যশোর অঞ্চলের (যশোর,ঝিনাইদহ,মাগুরা,নড়াইল,চুয়াডাঙ্গা) খেজুর গাছের গাছিরা। শীতঋতু পৌষ–মাঘ হলেও হেমন্ত থেকেই শুরু হয় শীতের আগমন। আর শীতের সাথে সাথে শীতের ফসল খেজুর গাছের রস নামতে শুরু করে। যদিও গাছিরা আশ্বিন বা কার্তিকের শুরুতেই গাছ তুলে প্রস্তত করে নিয়েছেন। কিন্তু শীতের সাথে খেজুর রসের নিবিড় সম্পর্কের কারনে শীত না পড়লে রস অদৃশ্য পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে না। তারপর যতদিন শীত ততদিন রস বের হয়। সাধারনত পৌষ–মাঘ মাস শীতকাল হলেও অগ্রহায়ন থেকে ফাল্গুন(চৈত্র মাস পযর্ন্ত অর্থ্যাৎ যে পযর্ন্ত শীত পড়ে সে পযর্ন্ত থেজুর রস বের করে গুড় তৈরী করেন গাছিরা। শীতবাল আসলে পেশাদার গাছিদের নাওয়া–খাওয়া বন্ধ হয়ে যায় ব্যস্ততায়। সকালে ভোরে ঘুম থেকে উঠে খেজুর গাছের ভাড়(রসের পাত্র) গাছ থেকে নামিয়ে রস ঝেড়ে আবার ওলা রসের জন্যে গাছে পেতে রস নিয়ে তাওয়ালে (জাল দেয়া চুলা) এসে জাল দিয়ে গুড় তৈরী,পাটালি তৈরী এরপর বাজারে বিক্রি করতে যাওয়া,তারপর আবার জলদি করে এসে গাছ কাটা তার আগে ভাড় পরিষ্কার করে আগুন দিয়ে পুড়িয়ে নেয়া ইত্যাদি কাজের সাথে গৃহিনীদের সমান ভাবে সহযোগিতা করতে হয়। যে কারনে শীতকালে দ্বিগুন ব্যস্ততা গাছি পরিবারে থাকে।
একথা সবাই জানেন যে সব বাংলাদেশিদের কাছে খেজুর রস,গুড়,পাটালি একটি প্রিয় ও আকষর্নীয় জিনিষ। খেজুর রসের পাটালি বেশ সুস্বাধু উপাদেয় খাদ্য হিসেবে পরিচিত। এ ছাড়া খেজুর রস দিয়ে তৈরী হয় গুড় দিয়ে শীতের দিনে নানান রকমের পিঠা,পুলি তৈরী করেন গ্রাম বাংলার গৃহিনীরা। শীতের সকালে খেজুর রসের খির কিংবা সন্ধা রসের খির খুবই মজাদার একটি আকর্ষনীয় খাদ্য। বিশেষ করে ভোজন বিলাষীদের জন্যে। তাই শীত মৌসুমে সবার নজর কাড়ে খেজুর রসের গুড় ও নলেন রসের পাটালি। মনে করিয়ে দেয় নানান রকম পিঠার কথা।



