প্রধান শিরোনাম

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের জোরালো দাবি: উপযুক্ত স্থান হিসেবে আলোচনায় কোটচাঁদপুরের ‘জলার বিলের মাঠ’

 দিগন্তবাণী ডেস্ক, থেকে আবু আব্দাল্লাহ , ঝিনাইদহ:

ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই দাবি আবারও জোরালো হয়ে উঠেছে। জেলাবাসীর এই প্রাণের দাবির প্রেক্ষিতে মেডিকেল কলেজ নির্মাণের জন্য উপযুক্ত স্থান হিসেবে এখন আলোচনায় উঠে এসেছে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ‘জলার বিল’।

আইনমন্ত্রীর উদ্যোগ ও জমির সংকট

সম্প্রতি আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি জানিয়েছেন, জেলাবাসীর দাবির প্রেক্ষিতে ইতিপূর্বেই স্বাস্থ্যমন্ত্রীকে ডিও লেটার (আধাসরকারি পত্র) প্রদান করা হয়েছে। তবে মেডিকেল কলেজ নির্মাণের জন্য প্রয়োজনীয় বড় আয়তনের জমি মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা শৈলকুপায় না থাকায়, জেলার অন্য কোথাও উপযুক্ত খাস জমি খোঁজার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রীর এই সদিচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন জেলার সর্বস্তরের মানুষ।

কেন উপযুক্ত ‘জলার বিল’?

অনুসন্ধানে জানা গেছে, কোটচাঁদপুর-তালসার-ঝিনাইদহ সড়কের পাশে কুশনা ইউনিয়নে অবস্থিত ‘জলার বিল’ মেডিকেল কলেজ নির্মাণের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। স্থানীয়দের মতে, এই স্থানটি ভৌগোলিক দিক থেকে জেলার একটি ‘মিডিল পয়েন্ট’ বা কেন্দ্রস্থলে অবস্থিত।

যোগাযোগ ব্যবস্থা: এখান থেকে জেলা শহর ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলার দূরত্ব খুবই কম। উন্নত সড়ক যোগাযোগ থাকায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া সহজ হবে।

জমির পরিমাণ: কুশনা ইউনিয়ন ভূমি অফিসের তথ্যমতে, জলার বিলে সরকারি খাস খতিয়ানভুক্ত জমির পরিমাণ প্রায় ৮২.৯৭ একর (প্রায় ২৫০ বিঘা)। একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লেক্স নির্মাণের জন্য এই বিশাল ভূখণ্ড যথেষ্ট।

ভূমি দস্যুদের কবলে সরকারি জমি

বিশাল এই খাস জমিটি দীর্ঘকাল ধরে পরিত্যক্ত থাকায় স্থানীয় ভূমি দস্যুদের নজরে পড়েছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহল অবৈধভাবে জমিটি দখল করে রেখেছে। এমনকি কিছু অসাধু ব্যক্তি ভুয়া ও জাল দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করে ভোগদখল করছে। মেডিকেল কলেজ স্থাপিত হলে এই সরকারি সম্পদ রক্ষা পাওয়ার পাশাপাশি জনকল্যাণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য কুশনা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) জাকির হোসেন বলেন: “জলার বিলে রেকর্ড অনুযায়ী ৮২.৯৭ একর জমি রয়েছে। তবে এর কিছু অংশ অবৈধ দখলে এবং কেউ কেউ জাল দলিলের মাধ্যমে মালিকানা দাবি করছে। সাধারণ মানুষ ও সুধী সমাজ এখানে মেডিকেল কলেজ করার প্রস্তাব তুলছেন। সরকার চাইলে সরকারি এই জমিতে জনস্বার্থে বৃহৎ এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।”

জেলাবাসীর প্রত্যাশা

ঝিনাইদহ জেলার সাধারণ মানুষের দাবি, জমি সংক্রান্ত জটিলতা নিরসন করে দ্রুত এই জলার বিলে মেডিকেল কলেজ নির্মাণের প্রক্রিয়া শুরু করা হোক। এ বিষয়ে স্থানীয়রা আইনমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও নজরদারি কামনা করেছেন। মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলে কেবল ঝিনাইদহ নয়, পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার মানুষও উন্নত চিকিৎসা সেবার আওতায় আসবে।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button