কোটচাঁদপুরে সাবেক পৌর মেয়রের বাসভবনে হামলা

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পতিত আওয়ামী লীগের পৌর আহ্বায়ক শহীদুজ্জামান সেলিমের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) রাতে পৌর পুলিশ ফাঁড়ি ও অতিরিক্ত পুলিশ সুপারের অফিস ও বাসভবন থেকে ২/৩ ’শ গজ দুরে এ হামলার ঘটনা ঘটে। সাবেক মেয়র শহিদুজ্জামান সেলিম জানান, রোববার রাত ১০টার দিকে ৮/১০ জন যুবক তার বাসভবনে আকশ্মিক হামলা চালায়। এ সময় তিনি ও তার স্ত্রী বাসার ভিতরে উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, এ সময় হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বাড়ির মেইন গেইটে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের এলোপাতাড়ি ইটের আঘাতে বাসভবনের দ্বিতীয় তলার লিভিং স্পেসের গ্লাস ভেঙে গুড়ো হয়ে যায়। তিনি জানান প্রতিপক্ষ প্রভাবশালীরা বিশেষ কোন উদ্দেশ্যে এ হামলা চালায় বলে তিনি মনে করেন। প্রসঙ্গত: গত ৫ আগষ্ট ২০২৪ আওয়ামীলীগ সরকারের পতনের পর তাঁর বাড়িতে হামলা চালিয়ে দুটি পাজেরো জিপ ও প্রাইভেট কার ও আসবাবপত্র পুড়িয়ে দেয়। ভাংচুর করা হয় দরজা জানালা। দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে কোটচাঁদপুর থানা ওসি আসাদ উজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন, আমি বাইরে ছিলাম,বিষয়টি অবগত নই।



