মোমেন জীবনে তাকওয়ার গুরুত্ব

আকতার কামাল মহসিন
তাকওয়া এটি কোনো সাধারণ ধর্মীয় পরিভাষা নয়; বরং এটি একজন মুমিনের জীবনে আলোকবর্তিকা, নৈতিকতাভিত্তিক এক আত্মিক অনুপ্রেরণা, যা মানুষকে আল্লাহর সান্নিধ্যের পথে পরিচালিত করে। তাকওয়া হলো অন্তরের এমন এক জাগ্রত চেতনা, যেখানে আল্লাহভীতি, আত্মসংযম এবং সদাচার সম্মিলিতভাবে বিকশিত হয়। এই তাকওয়াই একজন মুমিনকে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে সাহস দেয়, এমনকি পুরো দুনিয়া তার বিপক্ষে গেলেও।
পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন-‘নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি, যে সর্বাধিক তাকওয়াশীল।’ (সূরা হুজুরাত-১৩) এই আয়াতটি মানবতার জন্য এই মৌলিক বার্তা বহন করে যে সম্মান ও মর্যাদার মানদণ্ড কোনো পার্থিব শ্রেষ্ঠতায় নয়; বরং আল্লাহভীতিতে নিহিত। সমাজে ধন, পদমর্যাদা বা বংশগৌরবের যে বাহ্যিক প্রতিযোগিতা, তাকওয়া সেই প্রতিযোগিতাকে পরিণত করে অন্তরের এক পবিত্র অভিযাত্রায়।
তাকওয়ার প্রকৃত রূপ হলো এমন আত্মনিয়ন্ত্রণ যা মানুষকে নিজের জিহ্বা সংযত রাখতে শেখায়, চোখকে গুনাহ থেকে রক্ষা করে, কর্ণকে নিষিদ্ধ বিষয় শ্রবণ থেকে বিরত রাখে এবং অন্তরকে অহঙ্কার, হিংসা ও শিরকের কালিমা থেকে মুক্ত রাখে। তাকওয়া মানুষকে তার বিবেকের কাছে দায়বদ্ধ করে, প্রতিটি কর্মকে আল্লাহর সন্তুষ্টির মানদণ্ডে যাচাই করার অভ্যাস গড়ে তোলে। আল্লাহ বলেন- ‘তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা সফল হও।’ (সূরা বাকারাহ-১৮৯)
সফলতা সব মানুষই চায়। কিন্তু কুরআন জানিয়ে দেয়, প্রকৃত সফলতা কোনো বাহ্যিক প্রাপ্তির নাম নয়; বরং তা আল্লাহভীতি ও আত্মশুদ্ধির অনিবার্য ফসল। তাকওয়া হলো সেই আত্মিক ঢাল, যা মানুষকে দুনিয়ার মোহ ও আখিরাতের শাস্তি থেকে রক্ষা করে। এটি অন্তরকে করে সংবেদনশীল, আচরণকে করে মার্জিত এবং জীবনকে দেয় স্থিরতা ও সুনির্দিষ্ট লক্ষ্য। আরো ইরশাদ হয়েছে- ‘যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য (সঙ্কট থেকে) বের হওয়ার পথ তৈরি করে দেন।’ (সূরা তালাক-২)
এই আয়াত যেন নিরাশ হৃদয়ের জন্য এক অপার আশ্বাস। দুঃসময়ে, নিরূপায় মুহূর্তে যখন সব দরজা বন্ধ মনে হয়, তখন তাকওয়ার আলোয় খুলে যায় মুক্তির দরজা। যিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তার পথ সহজ করে দেন। তাকওয়া তখন আর শুধু এক নৈতিক গুণ নয়; বরং হয়ে ওঠে বাস্তব সঙ্কটের সমাধান। তাকওয়ার অনুসারী মানুষ কখনো অন্যায়ের সাথে আপস করে না। কারণ সে জানে- ‘নিশ্চয়ই আল্লাহ তাদের সাথেই থাকেন, যারা তাকওয়া অবলম্বন করে।’ (সূরা নাহল-১২৮)
তাকওয়া একটি সর্বব্যাপী গুণ। চাকরি, ব্যবসায়, রাজনীতি, পরিবার, সামাজিক সম্পর্ক- এমনকি একাকী সময়েও। এটি মানুষকে সততা শেখায়, অন্যের হক আদায়ে সচেষ্ট করে, নিষ্ঠা ও সহানুভূতির শিক্ষা দেয়। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, তার জীবন হয়ে ওঠে দুনিয়ায় রহমত এবং আখিরাতে জান্নাতের আশ্বাসে তৃপ্ত। আল্লাহ বলেন-‘তাকওয়াবানরা থাকবে জান্নাতে ও ঝর্ণাধারাগুলোতে।’ (সূরা হিজর-৪৫) তাকওয়ার প্রতিদান কেবল দুনিয়ার প্রশান্তি নয়; বরং পরকালের চিরস্থায়ী সুখ। জান্নাতের প্রতিটি নিয়ামত তাকওয়াবানদের জন্য প্রস্তুত। তাই একনিষ্ঠ মুসলিমের উচিত তাকওয়াকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করা এবং প্রতিটি কাজে আল্লাহভীতিকে প্রাধান্য দেয়া।
তাকওয়া কোনো শুষ্ক আদর্শ নয়; বরং এটি জীবনের প্রতিটি বাঁকে আলোর দিশা দেখায়। আল্লাহর ভয় যেন অন্তরের মুকুট হয়, সেই ভয়ই যেন হাতকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে, সেই ভয়ই যেন মানুষকে করে দয়ালু ও দ্বীনদার। এক কথায়, তাকওয়া হলো সেই আত্মিক নৌকা, যা উত্তাল জীবনসমুদ্রে পথহারা মানুষকে পৌঁছে দেয় জান্নাতের তীরে।
লেখক : স্টাফ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ

