ইয়াবাসহ কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার প্রেফতার, তার বিরুদ্ধে চার মাদক মামলার কথা জানিয়েছে পুলিশ

স্টাফ রিপের্টার, ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম নামে এক চা বিক্রেতাকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাহিদুল ইসলামের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) বিধান কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলেজ স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে জাহিদুল ইসলামের চায়ের দোকান থেকে তাঁকে ৩৯ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক জাহিদুল ইসলাম উপজেলার বাজেবামনদহ গ্রামের কলেজ স্ট্যান্ডপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে জাহিদুল ইসলাম ইয়াবার উৎস হিসেবে একই এলাকার খন্দকার আব্দুল্লাহ বাশারের নাম উল্লেখ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বাশারকে গ্রেপ্তার করে।
খন্দকার আব্দুল্লাহ বাশার (৪০) দৈনিক ইনকিলাবের কোটচাঁদপুর প্রতিনিধি, স্থানীয় দৈনিক নবচিত্রের স্টাফ রিপোর্টার এবং কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি। তিনি কোটচাঁদপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
থানায় গিয়ে ছাড়ানোর সুপারিশ
স্থানীয় সূত্রে জানা যায়, বাশারকে গ্রেপ্তারের পর কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ দলের কয়েকজন নেতা থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলেন। এ সময় তাঁকে ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করা হয় বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাশারের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা ও তদন্ত
কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলাটি ১৮ নম্বরে রুজু করা হয়। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) শ্যামা প্রসাদকে।
ওসি আরও জানান, খন্দকার আব্দুল্লাহ বাশারের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি প্রকাশের পর স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে জাহিদুল ইসলামের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত উৎস এবং বাশারের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।



