প্রধান শিরোনাম

রাষ্ট্র নয়, নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই আইনের শাসনের মূল বক্তব্য : অ্যাটর্নি জেনারেল  ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বিশেষ প্রতিনিধি,দিগন্ত বাণী | ৩১ জুলাই ২০২৬

আইনের শাসনের মূল বক্তব্য ব্যক্তি বা রাষ্ট্রের জয়-পরাজয় নয়, বরং প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। মামলায় রাষ্ট্রপক্ষ হেরে গেলেও যদি কোনো সাধারণ নাগরিক সঠিক বিচার পান, তবে সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের জন্য  পরম স্বস্তির।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এসব কথা বলেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুর সফর উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এ সভার আয়োজন করা হয়।

বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, “সমাজ ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেও আনন্দ পাওয়া যায়। রাষ্ট্র পক্ষ মামলায় হেরে গেলেও একজন নাগরিক ন্যায়বিচার পেলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়।”

তিনি আরও যোগ করেন যে, বিচারব্যবস্থা যখন একজন নাগরিকের ন্যায্য অধিকার সুনিশ্চিত করে, তখন রাষ্ট্রের প্রতিনিধির অখুশি হওয়ার কোনো কারণ থাকে না। মূল বিষয় হলো আইন ও বিচারের সঠিক প্রয়োগ ঘটলো কি না।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা থেকে বক্তারা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button