খুলনা-দর্শনা ডাবল লাইন প্রকল্প অন্ধকারে, ক্ষোভ বাড়ছে যাত্রীদের : নতুন সরকারের কাছে ডাবল লাইন বাস্তবায়নের দাবি

আবু নাবিল, দিগন্তবাণী ডেস্ক :
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষের স্বপ্নের প্রকল্প ‘খুলনা-দর্শনা ডাবল লাইন রেলপথ’ নির্মাণ কাজ প্রায় এক দশক সময় ধরে ফাইলবন্দি হয়ে আছে। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও রাজনৈতিক নেতাদের আশ্বাস আর ভারতীয় ঋণের আমলাতান্ত্রিক জটিলতায় আলোর মুখ দেখছে না এই মেগা প্রকল্প। সম্প্রতি দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই ১২৬.২৫ কিলোমিটার ডাবল লাইন নির্মাণের দাবি আবারও সরব হয়ে উঠেছে।
ভোগান্তির নাম ‘সিঙ্গেল লাইন’
রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন খুলনা থেকে রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর এবং দিনাজপুরসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত দুই ডজন ট্রেন এই রুটে চলাচল করে। কিন্তু দর্শনা থেকে খুলনা পর্যন্ত পুরো অংশটি সিঙ্গেল লাইন হওয়ায় ট্রেনগুলোকে ‘ক্রসিং’-এর জন্য ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়।
বিশেষ করে দর্শনা হল্ট স্টেশনের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে পাশাপাশি দুটি লাইন না থাকায় ট্রেন চলাচলে নজিরবিহীন জট সৃষ্টি হয়। একটি ট্রেনকে পার করতে গিয়ে অন্য ট্রেনকে ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত অপেক্ষায় রাখতে হয়, যার ফলে শিডিউল বিপর্যয় এখন এই রুটের নিয়মিত ঘটনা। লোকাল ট্রেনের যাত্রীদের দুর্ভোগ তো বর্ণনাতীত।
ফাইলবন্দি ৩ হাজার কোটির প্রকল্প
বিগত সরকারের আমলে এই রুটের গুরুত্ব বিবেচনা করে ব্রডগেজ ডাবল লাইন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছিল। যার ব্যয় ধরা হয় প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। ২০২২ সালের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরামর্শক নিয়োগ এবং ভারতীয় ঋণের (LoC) জটিলতায় এর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়। নতুন অর্থায়ন বা তহবিল খোঁজার ধীরগতির কারণে প্রকল্পটির বর্তমান অবস্থা নিয়ে জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে।
৯ বছরেও কাটেনি ‘শিগগিরই’র ঘোর
স্মরণ করা যেতে পারে, ২০১৭ সালের ২৫ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনে এক অনুষ্ঠানে বলেছিলেন, “খুলনা-দর্শনা ডাবল লাইনের কাজ শিগগিরই শুরু হবে।” সেই ‘শিগগিরই’ আজ ৯ বছরে পদার্পণ করলেও বাস্তবে এক ইঞ্চি লাইনের কাজও শুরু হয়নি।
জনদাবি এখন তুঙ্গে
এলাকার সাধারণ মানুষ ও রেল যাত্রীরা বলছেন, কেবল রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি ঝুলে আছে। ডাবল লাইন নির্মিত হলে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগে আমূল পরিবর্তন আসবে, সময় বাঁচবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে। নতুন সরকারের কাছে এই অঞ্চলের মানুষের একটাই দাবি—বিদেশের ঋণের আশায় বসে না থেকে বিকল্প অর্থায়নে দ্রুত এই ১২৬.২৫ কিলোমিটার ডাবল লাইনের কাজ শুরু করা হোক।



