রমজান তাকওয়ার প্রশিক্ষণের মাস

আবু নাবিল ॥
রহমাত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে এসেছে। মাহে রমজান তাকওয়ার প্রশিক্ষণের মাস, তাকওয়া অর্জনের মাস এবং মানবজাতির জীবন বিধান আল কুরআন নাজিলের মাস। এ পবিত্র রমজান মাস মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং সংযম শিক্ষা দেয়।
মহান আল্লাহ বলেন, হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। (সুরা বাকারাহ- ১৮৩)
মূলতঃ তাকওয়া অর্জনই মাহে রমজানের আসল উদ্দেশ্য। আর এ তাকওয়া বা আল্লাহভীতির মধ্যে নৈতিকতার যাবতীয় গুণাগুন নিহিত। একজন ইমানদার তাকওয়া অর্জনের চূড়ান্ত লক্ষ্য নিয়েই মাহে রমজানের রোজাকে বরন করে নিতে হয়। পুরো একটি মাস প্রশিক্ষণ গ্রহণ করে সারা বছর অর্থাৎ বাকী ১১ মাস জীবনের প্রতিটি ক্ষেত্রে তা যথাযথ নিয়মে বাস্তবায়ন রাখা মুমিনের কর্তব্য। রমজান মাস পবিত্র কোরআন মাজিদ নাজিলের মাস। রমজান মাস মোত্তাকীন তৈরির মাস। অর্থাৎ তোমাদের ওপর রোজা ফরজ করা হলো যাতে তোমরা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে সক্ষম হও (যদি তোমরা সচেষ্ট হও)। ওই মোত্তাকিন বা তাকওয়া অর্জনকারীদের জন্য মহান আল্লাহ এ মাসেই নাজিল করেছেন হেদায়াতের বিধান বা জীবন বিধান আল কোরআন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, অর্থাৎ এই কিতাব এমন একটি বিধান, যাতে কোন সন্দেহ নেই,এটা মোত্তাকিনদের জন্য (প্রেরিত)। যুগে যুগে বিভিন্ন নবী রাসুলগণের মাধ্যমে আল্লাহর কিতাব জীবন বিধান রমজানেই নাজিল হয়েছে। মুসনাদে আহমদ গ্রন্থে হযরত ওয়াসেলা ইবনে আসকা (রাঃ) থেকে বর্ণিত- রাসুল (সাঃ) বলেছেন, হযরত ইব্রাহিম (আঃ) এর ছহিফা রমজানের ১ তারিখে, তাওরাত ৬ তারিখে, ইনজিল ১৩ তারিখে এবং আল কোরআন রমজানের লাইলাতুল কদর ২৭ বা ২৪ তারিখে নাজিল করা হয়েছে। হযরত জাবের (রাঃ) এর এক রেওয়ায়েতে জবুর রমজানের ১২ তারিখে নাজিল করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। রমজানের ফজিলত ও মর্যাদা বর্ণনা করে মহান আল্লাহ বলেন, রমজান মাস যাতে মানুষের জন্য হেদায়েত বা সত্যান্বেষীদের জন্য সুস্পষ্ট, পথ নির্দেশ ও সত্য মিথ্যার পার্থক্যকারী আল কোরআন নাজিল করা হয়েছে। (সুরা বাকারা- ১৮৮) হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেন, যখন রমজান মাস আরম্ভ হয় তখন, রহমতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং শয়তানকে বন্দি করে রাখা হয় (বুখারী ও মুসলিম)।
মহান আল্লাহ পবিত্র রমজান মাসকে এত বরকত ও ফজিলতময় হিসেবে দান করেছেন যে সম্পর্কে আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন অর্থাৎ রমজানে ট্রেনিংয়ের মাধ্যমে যাতে তোমরা মোত্তাকীন (পরহেজগার) হতে পারো। তাকওয়াভিত্তিক চরিত্র গঠনের মাধ্যমে মোত্তাকীর গুনাবলী অর্জন করাই হচ্ছে রোজার উদ্দেশ্য। তাকওয়া ও মোত্তাকীর সংজ্ঞা অত্যন্ত ব্যাপক। কোরআন জুড়েই তাকওয়া ও মোত্তাকীর বর্ণনা রয়েছে। সংক্ষেপে বলা যায়, ইমানের দাবি হলো আনুগত্য, আর আনুগত্যের ফল হলো তাকওায়া।
তাকওয়ার ছয়টি বৈশিষ্ট্য ১.সত্যান্বেষণ,২.সত্য কবুল করা, ৩.সত্যের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা, ৪. মনের মধ্যে নিষিদ্ধ বা পাপ কাজের ভয় থাকা, ৫. দায়িত্ব সচেতনতা, ৬. দায়িত্ব সচেতনতার আলোকে কর্তব্য পালন। অর্থাৎ আল্লাহর ভয় সদা সর্বদা হৃদয়ে জাগরিত রেখে তার আদেশ নিষেধ মেনে চলাই তাকওয়া বা আল্লাহভীতি। যাদের মধ্যে ছয়টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে তারাই মোত্তাকী। একজন মোমেনের দায়িত্ব হচ্ছে মনের মধ্যে সব সময় এ জিনিষগুলো স্মরণ রাখা এবং সে হিসাবে নিজেকে পরিচালিত করা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ব্যাপারে আল্লাহর বিধিবিধান অনুস্মরণ করে চলা। বর্তমান মানব রচিত মতবাদ বিধি বিধান,মানুষ ও সমাজের চিত্র ঘুরে ধরা বিপর্যস্ত সমাজ ব্যবস্থায় আল্লাহ প্রদত্ত ব্যবস্থাপনার সমাজ ব্যবস্থা গড়ে তোলাই রমজানের দাবি। অর্থাৎ মোত্তাকীনদের বৈশিষ্ট্য হলো আল্লাহর বিধান শুনলাম,মেনে নিলাম এই বৈশিষ্ট্যের মধ্যে থাকা। তাই রমজান আত্মসংযমের মাস, আত্মসুদ্ধি ও প্রশিক্ষণের মাস। মাসব্যাপী সিয়াম সাধনার উদ্দেশ্য হচ্ছে নিজের চরিত্রের মধ্যে উপরিউক্ত বৈশিষ্ট্যগুলোর প্রতিফলন ঘটানো এবং সে আলোকে প্রশিক্ষণ গ্রহণ যাতে এর প্রভাব বাকী ১১ মাস বর্তমান থাকে। এভাবে মুসলমানদের জীবনব্যাপি এ প্রশিক্ষণ চলতে থাকবে। এটাই হচ্ছে রমজানের শিক্ষা এবং এতেই নিহিত রয়েছে রমজানের তাৎপর্য। আমরা যদি সিয়াম সাধনায় নিজের চরিত্রের পরিবর্তন সাধন করতে না পারি, মিথ্যা, ব্যাভিচার, সুদ, ঘুষ, মজুদদারি, অবৈধ আত্মসাৎ, অর্থাৎ যাবতীয় অন্যায় ও পাপাচার হতে বিরত হতে না পারি তাহলে রমজানের ফজিলত ও উদ্দেশ্য লাভে সামান্যতম সফল হতে পারবো না। রাসূল (সাঃ) বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না তার পানাহার ত্যাগ করার কোন মূল্য আল্লাহর কাছে নেই। বুখারী।



