মহান বিজয় দিবস আজ:এ বিজয় বাংলার জনতার

আবু নাবিল :
আজ ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় বিজয়–স্বাধীনতা। স্মরণ করে সেই বীর সেনানিদের যারা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে ঝাপিয়ে পড়েছিলেন। যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় ভাবে দিবসটি পালনের প্রস্তুতি নেয়া হয়েছে।
বাংলার শোষিত–বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে বুটের তলায় পিষ্ট করে দেয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে বর্বর এক হত্যাযজ্ঞে মেতে ওঠে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। আলোচনার টেবিল ছেড়ে তারা বন্দুকের নল আর কামানের গোলাকে বেছে নেয়। নিরস্ত্র ঘুমন্ত মানুষকে নির্বিচারে হত্যা করে অস্ত্রের জোরে সামরিক শাসকগোষ্ঠী এই নিমর্মতা চালায়। শুরু হয় মুক্তির লড়াই, মুক্তিযুদ্ধ।
কিন্তু যে শোষণ–বৈষম্যের বিরুদ্ধে ৫৩ বছর আগে বাংলাদেশের মুক্তিপাগল মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিলেন তা আজো অনেকটা স্বপ্নই রয়ে গেছে। যেমন স্বপ্নই রয়ে গিয়েছিল ১৯৪৭ সালে প্রথম স্বাধীনতার পর। ক্ষমতার অপব্যবহার লুটপাট, দমন–পীড়ন, বৈষম্য ও বিভাজন আজো ক্রমাগতভাবে আমাদের বিজয়কে নস্যাৎ করে চলেছে। যে পূর্ব বাংলার মানুষ একদিন পশ্চিম পাকিস্তানিদের সাথে একযোগে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে একটি মুসলিম রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল সেই পূর্ব পাকিস্তানের জনগণকে ১৯৭১ সালে আবার অস্ত্র ধরতে হলো পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর হঠকারিতা অদূরদর্শিতা এবং অবিমৃষ্যকারিতার কারণে দুই অঞ্চলের মধ্যে সৃষ্টি হয় বৈষম্যের বেড়াজাল। পূর্ব বাংলার মানুষের ন্যায়সঙ্গত কোনো দাবির প্রতি কর্ণপাত না করে বুটের তলায় তা পিষ্ট করার নীতি গ্রহণ করে তারা। এরপর পরতে পরতে নানা ইতিহাসের জন্ম হয়।
আমরা এতদিন যে মুক্তিযুদ্ধের কথা বলেছি,মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানা স্মৃতি স্মরনে অম্লান রেখেছি–সে মুক্তিযুদ্ধ কে ছাপিয়ে আরেকটি মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছি ২০২৪ সালের জুলাই–আগষ্ট বিপ্লবের মধ্যে দিয়ে। ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশের ভূখন্ড চিত্রায়িত হয়েছে। যা নিয়ে আমারা গর্ববোধ করি। কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বার্থকতা,লক্ষ্য–উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি বলে অনেক আক্ষেপ রয়েছে। আমরা নামে ,মাত্র একটি স্বাধীন দেশের বাসিন্দা বলে বৃথা গর্ববোধ করেছি। অথচ একটি স্বৈরাচার,ফ্যাসিবাদ আমাদের স্বাধীনতা,সার্বভৌমত্বকে ভুলুন্ঠিত করে জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে সকল প্রকার স্বাধীনতা কবর দিয়েছিল। তাইতো মনের মধ্যে অনেক কষ্ট,অনেক ক্ষোভ,অনেক সংগ্রাম,ত্যাগ আমাদের জীবন যাপনের গতিকে পাল্টে দিয়েছে।



