চট্টগ্রামে ফায়ার সার্ভিস কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও বেপরোয়া দুর্নীতির অভিযোগ: উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্তের দাবি

ইমরান হোসেন:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের এক সহকারী পরিচালকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা আনোয়ার হোসেন একাধিক অনিয়ম ও দুর্নীতি করেও বহাল তবিয়তে রয়েছেন । ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অবৈধ ভাবে অর্থ কামিয়ে বিপুল টাকার মালিক আনোয়ার হোসেন নাকি নামে বেনামে সাভারের বাইপাইলে জমি ও বাড়ি ক্রয় করেছেন।
সংশ্লিষ্ট সুত্রের অভিযোগে বলা হয়, নতুন ক্রয় সংক্রান্ত কম্পিউটার, সরঞ্জামাদি, সার্ভিসিং, প্রিন্টার মেরামত, বিছানাপত্র, প্রশিক্ষণসহ বিভিন্ন ব্যয় খাতে কোটেশন জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। বাজারমূল্যের তুলনায় অধিক দামে পণ্য ক্রয় দেখিয়ে অতিরিক্ত অর্থ উত্তোলনের প্রমাণও পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কোটেশন সম্পন্ন করা হলেও বাস্তবে সেইসব প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো পণ্য বা সেবা নেওয়া হয়নি। টেবিল ও চেয়ার ক্রয়ের ক্ষেত্রেও একইভাবে বাজারমূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে প্রতি আইটেমে অতিরিক্ত অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, অফিসের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম এবং কর্মচারীদের বেতন সংক্রান্ত বিষয়েও বিধি লঙ্ঘন করেছেন। তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও করা হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের কর্মচারীদের বেতন সমন্বয় প্রক্রিয়ায় অনিয়ম করে সরকারি বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
অফিস আদেশ নং-৫৮.০৩.০০০০.০০৭.১৪.০০৩.২৫.১৩৬৬, তারিখ: ১১ নভেম্বর ২০২৫ অনুযায়ী ১৬ তলা আবাসিক ভবনের অগ্নি প্রতিরোধ ও নিরাপত্তা কার্যক্রমেও অনিয়ম এবং ব্যক্তিগত সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে।
ব্যক্তিগত পর্যায়েও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মেয়ের বিয়ের অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন অফিসারকে আমন্ত্রণ জানিয়ে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে। বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে ১০ হাজার, ২০ হাজার, ৪০ হাজার টাকাসহ অন্যান্য উৎস থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা সংগ্রহ করা হয়। সবমিলিয়ে আনুমানিক ৩ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ এবং ২ ভরি স্বর্ণালংকার উপহার নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, সরকারি কাজে বরাদ্দকৃত মিৎসুবিশি জিপ ব্যবহার না করে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে রোহিঙ্গা প্রকল্পের নতুন আউটল্যান্ড গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেন নি। তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহন জরুরী বলে ভুক্তভোগিরা দাবি জানিয়েছে।



