আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে আজ

আবু নাবিল ॥
২১শে ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষার বিজয়ের দিন। রক্ত দিয়ে লেখা ইতিহাসের স্বর্ণজ্জল দিন। বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে বাস্তবে রুপায়নের দিন। জাতীয় চেতনা বিকাশের একটি দিন। রক্তে রঞ্জিত ২১শে ফেব্রুয়ারি স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস স্মরন করিয়ে দেয়ার দিন। আমাদের দাবি ছিল মায়ের ভাষা,বাংলা ভাষায় আমরা কথা বলবো,গান গাইবো,কাগজে কলমে রাখবো। আমাদের অস্তিত্বের দলিল থাকবে বাংলায় লেখা। কিন্তুু কেন তা হবে না। সে চেতনায় জ্বলে ওঠে বিদ্রোহের অনির্বান মশাল। আর তাই ফেব্রুয়ারি মানেই গৌরবদীপ্ত এক রক্তে ভেজা ইতিহাস। ফেব্রুয়ারী মানেই মাথা না নোয়াবার দৃপ্তশপথ। ফেব্রুয়ারি মানেই মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা। ফেব্রয়ারি মানেই নতুন শপথের গান। ২১শে ফেব্রুয়ারি এলে বিশ্ব সত্ত্বার শেকড়ে শেকড়ে উঠবে প্রাণের স্পন্দন। সালাম, রফিক, বরকত, আঃ জব্বারের বজ্রনিনাদ প্রতিটি বাঙ্গালীর বুকে। অগনিত কন্ঠে ধ্বনিত হবে আমার ভায়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি।
তাইতো প্রতি বছর ফেব্রুয়ারি এলেই মনে পড়ে এক রক্তাক্ত ইতিহাস। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উজ্জিবীত ছাত্র জনতার সভা চলছিল। ওই সভা থেকে প্রশাসনের ১৪৪ ধারা ভঙ্গের ডাক আসে। একের পর এক ১০জন, ১০ জন করে মিছিল বের হতে থাকে বিশ্ববিদ্যালয় তোরণ দিয়ে। পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। বিকাল সাড়ে ৩টায় প্রাদেশিক পরিষদের অধিবেশন। ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পরিষদ ভবনের সামনে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এক পর্যায়ে তারা সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজের হোস্টেল গেটের সামনে। এছাড়া ছাত্র জনতা স্থান করে নিয়েছিল রাস্তার উল্টোদিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ এবং রাস্তার ধারে। সংঘর্ষ চলাকালে পুলিশ কয়েকবার মেডিক্যাল কলেজের হোস্টেল গেট পেরিয়ে ভেতরে ঢুকে যায়। ছাত্রদের এলোপাতাড়ি লাঠিপেটা করে। ইট পাটকেল নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ছাত্ররা। হটে যায় পুলিশ। এ সময় হঠাৎ সমবেত জনতার ওপর গুলিবর্ষন করে পুলিশ। এতে পুলিশের গুলিতে আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ, আব্দুল জব্বার, শফিউর রহমান, রিক্্রাচালক আব্দুল আউয়াল, অলিউল্ল¬াহসহ অজ্ঞাত সংখ্যক লোক শহীদ হন। এদিন ছিল ২২শে ফেব্রুয়ারি। এরপর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পালিত হয় হরতাল। পুলিশের গুলিতে আহত আঃ সালাম মারা যান ৭ এপ্রিল।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি ওঠে। দীর্ঘ চড়াই উৎরাই আর শোষণের রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৫২ সালের এইদিনেই,অর্থ্যাৎ আন্দোলনের সূচনার দিন ২১শে ফেব্রুয়ারি মানেই রক্তস্নাত বিজয়। রক্তরাঙ্গা ফেব্রুয়ারি তাই বাঙ্গালী জাতির রক্তের অক্ষরে লেখা গৌরবময় ইতিহাসের একটি স্মরণীয় মাস। তাই এ মাসেই জাতির মননে ও অভিযাত্রায় যুক্ত হয় নতুন গতি। প্রত্যয় জেগে উঠে অধিকার হননের বিরুদ্ধে গর্জে ওঠার।
আন্দোলনের এক অমোখ চেতনা যেন এই অমর একুশ। এই চেতনাকে আমরা মাঝে মধ্যে পরিচালিত করি ভিন্ন পথে। ব্যবহৃত হয় হীনস্বার্থে। মুখে একুশের চেতনা আর মনে থাকে হিংস্রতা। ভাষার প্রতি জাতির প্রতি থাকেনা শ্রদ্ধাবোধ। আলো হারিয়ে যায় অন্ধকারে। তারপর সব ভুলে নব শপথের তরে আজ আবারো এসেছে রক্তরাঙ্গা ফেব্রুয়ারি। হাত ছানি দিচ্ছে মুক্তির মিছিলে শামিল হওয়ার। প্রত্যাশার এক নতুন দিগন্ত উন্মোচনের।



