সম্পাদকীয়

ভোটের দিনের শঙ্কা, কঠোর হতে হবে আইন শৃংখলা বাহিনীকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি করেছে। বিশেষ করে সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত হতে পারে এমন শঙ্কার বিষয় জেগে উঠেছে। ২০২৪শের জুলাই বিপ্লবের সময় যে অস্ত্র লুট হয়েছে, সেগুলো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে, বৈধ অস্ত্র জমাদানের যে সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল, তাতেও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। যার ফলে অবৈধ অস্ত্রের একটি নেতিবাচক প্রভাব যে নির্বাচনে পড়ে কিনা এমন শঙ্কাও রয়েছে। কারন দিন যত ঘনিয়ে আসছে কোন কোন রাজনৈতিক দল যেন বিজয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠছে।

একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু দিন পার হলেও বৈধ ও অবৈধ অস্ত্র জমা সেভাবে সম্পূর্ন জমা পড়েনি। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এখনো সারা দেশে জমা দেয়া অস্ত্রের কোনো তথ্য বা হিসাব নেই। গোয়েন্দা সূত্র মতে, চব্বিশের গণ–অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে পাঁচ হাজার ৭৬৩টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ধরনের ১০ হাজার ৫০৬টি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়। এগুলোর মধ্যে ৬৫৭টি অস্ত্র এখনো জমা পড়েনি। অন্যদিকে, পুলিশ সদর দফতরের সূত্র মতে— পুলিশের লুণ্ঠিত অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার ৭৬৩টি। এর মধ্যে এখনো উদ্ধার হয়নি এক হাজার ৩৩১টি। গোলাবারুদ খোয়া গেছে ছয় লাখ ৫২ হাজার আটটি। উদ্ধার হয়নি দুই লাখ ৫৭ হাজার ১৪৪টি।

অর্ন্তবর্তী সরকার গঠনের পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে বারবার তাগিদ দেয়া হয়েছে। সরকার এসব অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে যৌথ বাহিনীর টহলও বহাল রেখেছে। কিন্তু সরকার গঠনের এত দিন পরও কেন এখনো খোয়া যাওয়া সব অস্ত্র উদ্ধার করা গেল না, তা বোধগম্য নয়। এটি যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, তা অস্বীকারের সুযোগ নেই।

এবারের নির্বাচন নানা দিক থেকে বেশ চ্যালেঞ্জিং। একদিকে পতিত ও বিতাড়িত স্বৈরাচার নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত, অন্যদিকে দেশে ঘাপটি মেরে থাকা কিছু মহল নির্বাচন ভ–ুলে তলে তলে ষড়যন্ত্র করছে বলে বাতাসে গুঞ্জন রয়েছে। এমতাবস্থায়, অবৈধ অস্ত্র নির্বাচনবিরোধী স্বার্থান্বেষী মহলের মনোবাসনা পূরণে ব্যবহৃত হবে না— তা বলা যায় না। সঙ্গত কারণে সারা দেশে টার্গেটভিত্তিক অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান জোরদার করতে হবে। লোকদেখানো অভিযানে না গিয়ে প্রকৃত অর্থে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। সর্বোচ্চ সংখ্যক অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া শুধু ড. ইউনূস সরকারের জন্য জরুরি নয়, দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতায়ও অত্যন্ত জরুরি। সবার সহযোগিতায় দেশে একটি সুন্দর নির্বাচন হোক, এটি সবার প্রত্যাশা। এর ব্যত্যয় ঘটলে দেশের রাজনীতি আবারো অনিশ্চয়তায় পড়তে পারে। এমতাবস্থায়, দেশের বৃহত্তর স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী দমনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব পক্ষের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ,নইলে সমুহ বিপদের ঝুকি থাকবেই।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice
Back to top button