মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে উন্নয়নের ধারা ফের চালু করবো-কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল

স্টাফ রিপোর্টার:
বিএনপি’র কেন্দ্রিয় নেতা,সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ও ঝিনাইদহ–৩(কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দলীয় মনোনয়ন পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ঝিনাইদহ–৩ (কোটচাঁদপুর–মহেশপুর)কে আগামী প্রজন্মের জন্যে স্বনির্ভর ও মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। দীর্ঘদিন থেকে বাধাগ্রস্ত উন্নয়ন ধারাকে ফের চালু করে এই অঞ্চলকে স্বনির্ভর,শিক্ষা,স্বাস্থ্য খাতের উন্নয়ন, ও সমৃদ্ধির পথে এগিয়ে নিবেন। গতকাল শনিবার তিনি কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও মহাসচিবের সাথে সাক্ষাত করে আমার অবস্থা তাদের অবহিত করেছি, তারা আমাদের অন্য মনোনয়ন প্রত্যাশীদের অবস্থা জেনেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দলের প্রতি পূর্ণ আনুগত্য,ভালোবাসা ও বিশ্বাস রেখে যারা নিস্বার্থভাবে কাজ করবে দলে তাদেরই থাকার অধিকার রয়েছে। এসময় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।



