জুলাই সনদ কি? কিভাবে গঠিত হয়? কি কি সুপারিশ ছিল?

দিগন্তবাণী ডেস্ক :
জুলাই সনদ হলো ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রকাঠামো, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও প্রশাসন সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তৈরি একটি জাতীয় দলিল।
গঠন প্রক্রিয়া: ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে। কমিশনগুলোর ১৬৬টি সুপারিশের ভিত্তিতে এই সনদ চূড়ান্ত করা হয়।
স্বাক্ষর: ১৭ অক্টোবর ২০২৫ সালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় ঐকমত্য কমিশন এবং ২৬টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করে।
প্রধান সংস্কার প্রস্তাবসমূহ:
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা: ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ (পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে) প্রবর্তন।
প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা: প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর এবং তিনি একই সাথে দলের প্রধান থাকতে পারবেন না।
তত্ত্বাবধায়ক সরকার: ৯০ দিন মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং স্পিকারের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি কর্তৃক প্রধান উপদেষ্টা নিয়োগ।
বিচার বিভাগ: আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির প্রধান বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা।
জুলাই সনদ (বা জুলাই জাতীয় সনদ ২০২৫) বাংলাদেশের একটি রাজনৈতিক সনদ, যাতে বাংলাদেশের রাজনৈতিক ঐকমত্যভিত্তিক গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবসমূহ রয়েছে।[১][২] ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন এবং বাংলাদেশের ২৫টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করে।[৩][৪] এই সনদে রাষ্ট্রীয় কাঠামো, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন অঙ্গীকার অন্তর্ভুক্ত হয়েছে। এটিকে সংবিধান সংস্কার হিসেবেও অভিহিত করা হয়।
বাস্তবায়ন ও বিতর্ক: অক্টোবর ২০২৫-এ সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করলে এর আইনি ভিত্তি ও সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও মতবিরোধ দেখা দেয়।
পটভূমি
জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয় এবং সেই সুপারিশসমূহ বিবেচনা–গ্রহণের উদ্দেশ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়; কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
কমিশন তিন দফায় মোট ৭২ দিন রাজনৈতিক দল ও অন্যান্য শক্তির সঙ্গে আলোচনা চালায়। কমিশনের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। প্রথম পর্যায়ের আলোচনায় উত্থাপিত ১৬৬টি বিষয়ে ৬৪টি বিষয়ে ঐকমত্য হয়; পরবর্তী পর্যায়ে আরও আলোচনার মাধ্যমে কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়-এই ধাপভিত্তিক আলোচনার সময়সূচি ও সারাংশ জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়।[১১][১২] সনদে মোট ২৮টি প্রতিশ্রুতি আছে।
ইতিহাস
২০২৪ সালের ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র” প্রকাশ করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।[১৫][১৬][১৭] তবে পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে এটি প্রকাশের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হলে, তারা সেটি স্থগিত করে।[১৮] এসময় তারা সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে এটি প্রকাশের আহবান জানান।
২০২৫ সালের ৬ জুন জাতির উদ্দেশ্য দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, ২০২৫ সালে জুলাই মাসের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি ‘জুলাই সনদ’ প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করা হবে।[২০] ২৮ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ জানান, জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও জানান, এটির ভাষা এবং পটভূমি পর্যালোচনার জন্য রাজনৈতিক দলসমূহের কাছে প্রেরণ করা হয়েছে। ৪ আগস্ট থেকে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলসমূহের সঙ্গে কমিশনের আলোচনা শুরু হয়। মতামতের ভিত্তিতে সমন্বিত খসড়া প্রস্তুত করা হয় এবং ১১ সেপ্টেম্বর খসড়াটি চূড়ান্ত করা হয়।পরে ১৪ অক্টোবর দলসমূহের কাছে চূড়ান্ত অনুলিপি পাঠানো হয়; ১৭ অক্টোবর স্বাক্ষর অনুষ্ঠানের আগে বাস্তবায়ন রূপরেখা নিয়ে আলাপ চলতে থাকে। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর সম্পন্ন হয়।স্বাক্ষরের দিনে সংসদ ভবনের বাইরে সংঘর্ষের ঘটনাও ঘটে; [৩০]কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। স্বাক্ষর–পরবর্তী সময়ে বাস্তবায়ন নিশ্চিতে গণভোটের সম্ভাবনা–সংক্রান্ত আলোচনা কমিশনে বিবেচিত হয়।
সুপারিশ
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে ২০২৫ সালের ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজনের সুপারিশ করে। গণভোট প্রশ্নে কমিশনের প্রস্তাবিত প্রশ্ন ছিলো- ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং ইহার তফসিল-১ এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’। এছাড়া সরকার নির্বাচনের আগে বা নির্বাচনের দিনই এই গণভোট আয়োজন করতে পারবে বলে সুপারিশ করে কমিশন।[৩৮][৩৯]
সুপারিশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে, যেখানে পরিষদ ২৭০ দিন কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে পরিষদের সদস্যরা জনগণের গণভোটে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী সংবিধানে সংযোজন, পরিমার্জন, পরিবর্তন ও বিয়োজন করবেন। কমিশন বলেছে, যদি পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পাদন করতে না পারে, তাহলে গণভোটে পাশ হওয়া বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে। এর বাইরে কমিশন ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ নামে সরকারকে দুটি বিকল্প প্রস্তাবও দিয়েছিলো, একটি আদেশ জারি করে গণভোট আয়োজন করা এবং সেই আদেশের তফসিলে ৪৮টি সাংবিধানিক বিষয়ের বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়া; অথবা বিকল্পভাবে বিল আকারে ওই প্রস্তাবগুলো জনগণের সামনে উপস্থাপন করে গণভোটে অনুমোদন নেওয়া।[৪০][৩৯]
সুপারিশে বলা হয়েছে, নির্বাচনের পর গঠিত সংসদ সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। তাঁরা সংসদ ও পরিষদের জন্য পৃথক শপথ নেবেন এবং নিজস্ব কার্যপ্রণালী নির্ধারণ করবেন। সংসদের স্পিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সংসদ সচিবালয় পরিষদকে প্রশাসনিক সহায়তা দেবে।
অতিরিক্তভাবে, কমিশন সংসদ নির্বাচনের ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠনেরও সুপারিশ করেছে। গণভোটে জনগণের সম্মতি পেলে জাতীয় সংসদ প্রতিষ্ঠার ৪৫ দিনের মধ্যে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হবে। তবে প্রথম দফায় উচ্চকক্ষের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা নির্বাচনের আগে প্রকাশের বিধান কার্যকর হবে না।
কমিশনের সুপারিশের সারমর্মে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার যেন দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে, যাতে সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের কাঠামোগত রূপান্তর বাস্তবায়িত হয়।
স্বাক্ষর
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম দল- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশ জাসদ সনদে সই করেনি। গণফোরাম অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেদিন স্বাক্ষর করেনি; ১৯ অক্টোবর দলটি সনদে স্বাক্ষর করে। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারী এনসিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সনদে স্বাক্ষর করে।
| ক্রম | দল/জোট | স্বাক্ষরকারী |
| ১ | লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) | রেদোয়ান আহমেদ |
| নেয়ামূল বশির | ||
| ২ | খেলাফত মজলিস | মাওলানা আবদুল বাছিত আজাদ |
| আহমদ আবদুল কাদের | ||
| ৩ | রাষ্ট্র সংস্কার আন্দোলন | হাসনাত কাইয়ুম |
| সৈয়দ হাসিবউদ্দীন হোসেন | ||
| ৪ | আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) | মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু |
| আসাদুজ্জামান ফুয়াদ | ||
| ৫ | নাগরিক ঐক্য | মাহমুদুর রহমান মান্না |
| শহীদুল্লাহ কায়সার | ||
| ৬ | জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) | ববি হাজ্জাজ |
| মোমিনুল আমিন | ||
| ৭ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) | মির্জা ফখরুল ইসলাম আলমগীর |
| সালাহউদ্দিন আহমদ | ||
| ৮ | বাংলাদেশ খেলাফত মজলিস | মাওলানা ইউসুফ আশরাফ |
| মাওলানা জালালুদ্দীন আহমদ | ||
| ৯ | বাংলাদেশ জামায়াতে ইসলামী | সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের |
| মিয়া গোলাম পরওয়ার | ||
| ১০ | গণসংহতি আন্দোলন | জোনায়েদ সাকি |
| আবুল হাসান রুবেল | ||
| ১১ | জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডি | শহীদ উদ্দিন মাহমুদ স্বপন |
| তানিয়া রব | ||
| ১২ | গণ অধিকার পরিষদ | নুরুল হক নুর |
| মো. রাশেদ খাঁন | ||
| ১৩ | বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি | সাইফুল হক |
| বহ্নিশিখা জামালী | ||
| ১৪ | জাতীয়তাবাদী সমমনা জোট | ফরিদুজ্জামান ফরহাদ (এনপিপি) |
| বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান (জাগপা) | ||
| ১৫ | ১২–দলীয় জোট / বাংলাদেশ এলডিপি | মোস্তফা জামাল হায়দার |
| শাহাদাত হোসেন সেলিম | ||
| ১৬ | ইসলামী আন্দোলন বাংলাদেশ | অধ্যাপক আশরাফ আলী আকন |
| মাওলানা গাজী আতাউর রহমান | ||
| ১৭ | জাকের পার্টি | শহীদুল ইসলাম ভুইয়া |
| জহিরুল হাসান শেখ | ||
| ১৮ | জাতীয় গণ ফ্রন্ট | আমিনুল হক টিপু বিশ্বাস |
| মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস | ||
| ১৯ | নেজামে ইসলাম পার্টি | মাওলানা আব্দুল মাজেদ আতহারী |
| মাওলানা মুসা বিন ইযহার | ||
| ২০ | বাংলাদেশ লেবার পার্টি | মোস্তাফিজুর রহমান ইরান |
| খন্দকার মিরাজুল ইসলাম | ||
| ২১ | ভাসানী জনশক্তি পার্টি | শেখ রফিকুল ইসলাম (বাবলু) |
| মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম) | ||
| ২২ | জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | মাওলানা আব্দুর রব ইউসুফী |
| মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী | ||
| ২৩ | ইসলামী ঐক্যজোট | মাওলানা আব্দুল কাদের |
| মুফতি সাখাওয়াত হোসাইন রাজী | ||
| ২৪ | আমজনতার দল | কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান |
| মো. তারেক রহমান | ||
| ২৫ | গণফোরাম | সুব্রত চৌধুরী |
| ডা. মো. মিজানুর রহমান | ||
| ২৬ | জাতীয় নাগরিক পার্টি | নাহিদ ইসলাম |
প্রস্তাবনা
সাংবিধানিক পরিবর্তন
সনদটি পাস হলে সংবিধানে নিম্নলিখিত ৪৭টি পরিবর্তন আনা হবে
- বাংলার পাশাপাশি বাংলাদেশে প্রচলিত সকল মাতৃভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হবে।
- বাংলাদেশের নাগরিকদের জাতীয়তা হিসেবে “বাঙালি“-র পরিবর্তে “বাংলাদেশী” প্রতিস্থাপিত হবে।
- সংবিধান সংশোধনের জন্য আইনসভার প্রস্তাবিত নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ এবং প্রস্তাবিত উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন হবে।
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের জন্য জাতীয় গণভোটের প্রয়োজন হবে।
- সংবিধানের ৭(ক) ও ৭(খ) অনুচ্ছেদ বিলুপ্ত করা হবে, যা সাংবিধানিক অপরাধ সংজ্ঞায়িত করে এবং সংবিধান সংশোধনে বিধিনিষেধ আরোপ করে।
- মূলনীতি হিসেবে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা-র পরিবর্তে সামাজিক সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিস্থাপিত হবে।
- ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার সংজ্ঞা হিসেবে “সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিতকরণ” নির্ধারণ করা হবে।
- নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা লাভের অধিকার এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে যুক্ত হবে।
- জরুরি অবস্থা ঘোষণার জন্য শুধুমাত্র প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার সদস্য এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতার অনুমোদনের প্রয়োজন হবে।
- জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার খর্ব করা যাবে না।
- রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে অনুষ্ঠিত হবে এবং তিনি নিম্নকক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন।
- রাষ্ট্রপতি স্বাধীনভাবে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের প্রধান ও সদস্যদের নিয়োগ দিতে পারবেন, যা আগে কেবল প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির পরামর্শক্রমে হতো।
- রাষ্ট্রপতিকে অভিশংসিত করতে উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে।
- অপরাধীদের রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে ভুক্তভোগীর পরিবারের সম্মতি বাধ্যতামূলক হবে।
- এক ব্যক্তি ১০ বছরের বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
- তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করা হবে এবং এটি শাসক দল, প্রধান বিরোধী দল এবং দ্বিতীয় বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে গঠিত হবে।
- দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে।
- সাধারণ নির্বাচনে নির্বাচিত দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে বণ্টিত ১০০টি আসন নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে।
- নিম্নকক্ষে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পর্যায়ক্রমে ১০০ পর্যন্ত বৃদ্ধি করা হবে।
- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন।
- ৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করা হবে, যা ফ্লোর ক্রসিং বা নিজ দলের বিপক্ষে ভোটদান নিষিদ্ধ করে।
- জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো প্রধান আন্তর্জাতিক চুক্তির জন্য উভয় কক্ষের অনুমোদনের প্রয়োজন হবে।
- সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছ থেকে নিয়ে সংসদের দ্বারা গঠিত একটি বিশেষায়িত কমিটির ওপর ন্যস্ত করা হবে।
- স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং প্রধান বিচারপতির তত্ত্বাবধানে নির্বাচন কমিশন গঠিত হবে।
- প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে নিয়োগ দেওয়া হবে।
- আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত বিচারপতির সংখ্যা প্রধান বিচারপতির প্রয়োজনীয়তা অনুযায়ী নির্ধারিত হবে এবং হাইকোর্টে বিচারপতি নিয়োগের ক্ষমতা একচ্ছত্রভাবে প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে।
- বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে, প্রতিটি বিভাগে প্রয়োজনীয় সংখ্যক হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা হবে এবং অধস্তন আদালতের বিচারক নিয়োগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হবে।
- স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দল ও দ্বিতীয় বিরোধী দলের নেতা এবং আপিল বিভাগের বিচারপতিদের তত্ত্বাবধানে ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে।
- পাবলিক সার্ভিস কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য বিরোধী দলগুলোর সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে।
- সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধানে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা হবে।
আইনি সংস্কার
বিদ্যমান আইন, অধ্যাদেশ, নির্বাহী আদেশ এবং বিল সংশোধনের মাধ্যমে ৩৭টি সংস্কার আনা হবে:[৫১]
- সংসদীয় কমিটি ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার, অধিকারের সীমা এবং দায়িত্ব আইনের মাধ্যমে সংজ্ঞায়িত করা হবে।
- সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আনীত সংস্কারসমূহ যেমন সীমানা পুনর্নির্ধারণ আইন, বর্তমান ও সাবেক বিচারকদের জন্য বাধ্যতামূলক আচরণবিধি, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, স্বাধীন অপরাধ তদন্ত সংস্থা গঠন, বিচার বিভাগের জনবল বৃদ্ধি, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর, বিচারক ও সহায়ক কর্মচারীদের সম্পদের বিবরণী, আদালত ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন এবং আইনজীবীদের আচরণবিধি সংক্রান্ত বিষয়গুলো আইনের মাধ্যমে স্বীকৃত হবে।
- জনপ্রশাসন সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে; পাশাপাশি বিদ্যমান সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) সরকারি কর্ম কমিশন (সাধারণ), সরকারি কর্ম কমিশন (শিক্ষা) এবং সরকারি কর্ম কমিশন (স্বাস্থ্য)-এ বিভক্ত করা হবে।
- কুমিল্লা বিভাগ ও ফরিদপুর বিভাগ গঠন করা হবে।
প্রতিক্রিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আরও কয়েকটি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান নিলেও জানায় যে সনদটি কিছু দলের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে, বিশেষত ছাত্রনেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে। পরবর্তীতে বিএনপি জানায়, তারা জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে, তবে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিপক্ষে।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী) এবং বাংলাদেশ জাসদ সনদে স্বাক্ষর থেকে বিরত থাকে। এসব দল অভিযোগ করে যে সনদে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে এবং সংবিধানের মৌলিক নীতিমালা পরিবর্তনের প্রচেষ্টা রয়েছে।
মন্তব্য ও সমালোচনা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে “নতুন বাংলাদেশের সূচনা” হিসেবে আখ্যায়িত করেন। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রায় আট মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সনদটি চূড়ান্ত করে। এতে সংবিধান, নির্বাচন, বিচারব্যবস্থা ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের প্রস্তাব রয়েছে, তবে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, শ্রম ও নারী অধিকার বিষয়ে উল্লেখযোগ্য কিছু নেই বলে সমালোচনা রয়েছে। অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমানের মতে, সাধারণ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এতে উপেক্ষিত হয়েছে।
স্বাস্থ্যখাত সংস্কার কমিশন জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নানা সুপারিশ করলেও তা সনদে স্থান পায়নি। ফলে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সংকট অটুট রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অর্থনৈতিক সংস্কার নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক খাতের দুর্নীতি ও অর্থপাচার বন্ধে কিছু প্রস্তাব থাকলেও আর্থিক খাত সংস্কারের সুনির্দিষ্ট নীতিমালা অনুপস্থিত। অর্থনীতিবিদরা এটিকে সনদের অন্যতম দুর্বলতা বলে উল্লেখ করেছেন।
শিক্ষা খাতেও কোনো সংস্কার প্রস্তাব যুক্ত হয়নি। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের পটভূমিতে শিক্ষা বৈষম্য দূরীকরণ একটি মূল দাবি থাকলেও জুলাই সনদে তার প্রতিফলন নেই। শিক্ষার্থীরা একে “আকাঙ্ক্ষা অপূর্ণ” বলে মন্তব্য করেছেন।
নারী ও শ্রম খাত সংস্কার নিয়েও হতাশা প্রকাশ করা হয়েছে। দুইটি কমিশন রিপোর্ট জমা দিলেও সেগুলোর কোনো সুপারিশ সনদে স্থান পায়নি। বিশ্লেষকদের মতে, শ্রমিক ও নারীদের অধিকার সুরক্ষায় এ বিষয়গুলো যুক্ত করা জরুরি ছিল।
আইনজীবী ও গবেষকরা মনে করেন, জুলাই সনদে সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের বিষয়গুলো প্রাধান্য পেলেও প্রান্তিক, নারী ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, ’সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি, ভবিষ্যৎ নির্বাচিত সরকার অন্যান্য কমিশনের রিপোর্টের ভিত্তিতে কাজ করতে পারে।
গেজেট
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ বাংলাদেশ সরকারের প্রকাশিত একটি আনুষ্ঠানিক রাষ্ট্রপতির আদেশ। এটি ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি জারি করা হয়। আদেশটির উদ্দেশ্য ছিল ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে প্রণীত জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন, ৬ আগস্ট জাতীয় সংসদ ভঙ্গ এবং ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসে। পরবর্তীতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কার প্রস্তাব প্রণয়নের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনগুলোর প্রতিবেদন বিশ্লেষণের ভিত্তিতে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়, যা রাজনৈতিক দল ও জোটসমূহের সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রস্তুত করে।
সনদে প্রস্তাবিত সংবিধান সংস্কার কার্যকর করতে জনগণের অনুমোদন গ্রহণ, গণভোট আয়োজন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজন দেখা দেয়। এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করেন।
আদেশটির প্রথম ধারায় উল্লেখ করা হয় যে, এই আইনটির সংক্ষিপ্ত শিরোনাম হবে “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫

