কোটচাঁদপুরে দুদকের সততা স্টোর’র অনুকুলে ১৭টি স্কুল ও মাদ্রাসায় অর্থ বরাদ্দ-

স্টাফ রিপোর্টার:
কোটচাঁদপুরে গতকাল দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা ও ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ‘সততা স্টোর’ চালু করতে অর্থ বরাদ্দর টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন–দুদকের উদ্ভাবন মাধ্যমিক স্কুল ও মাদরাসায় নতুন এ কর্মসূচি বাস্তবায়ন ও এর কার্যক্রম গতিশীল করতে নতুন করে এ অর্থ বরাদ্দ দেয়া হয়।
স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দুদকের কোটচাঁদপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং সহ সভাপতি মুহাঃ শাহ জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে,বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসাদুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার সরকার ও পরিদর্শক কাউসার আহমেদ। এছাড়াও উপজেলা প্রতিরোধ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগন উপস্থিত থেকে সততা স্টোরের অনুকুলে ১০ হাজার টাকা নগদ এ অর্থ গ্রহন করেন। কৈশোরেই শিক্ষার্থীরা লোভ–লালসা ত্যাগ করে সততার সঙ্গে বেড়ে ওঠার ‘হাতে–কলমে’ নতুন পাঠ গ্রহণ করবে বলে দুদক মনে করছে বলে কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেছেন।
দুদক সংশ্লিষ্ট সূত্র জানায়, সততা স্টোর হচ্ছে প্রতিষ্ঠান প্রাঙ্গণে স্থাপিত বিক্রেতাবিহীন দোকান। এসব দোকানে বিভিন্ন শিক্ষা উপকরণের পাশাপাশি বিস্কুট, চিপস, চকলেট ইত্যাদি রাখা হয়। প্রতিটি সততা স্টোরে পণ্যের মূল্যতালিকা ও পণ্যমূল্য পরিশোধের জন্য ক্যাশ বাক্সে রাখা হয়। থাকে না শুধু বিক্রেতা। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় পণ্য কিনে নিজেরাই ক্যাশ বাক্সে পণ্যের মূল্য পরিশোধ করবে–এটিই নিয়ম। এভাবেই শিক্ষার্থীরা হাতে–কলমে গ্রহণ করবে সততার প্রথম পাঠ।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন ২০১৭ সালে সর্বপ্রথম সততা স্টোর ধারণার সূচনা করে। দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদরাসাগুলোতে সততা স্টোর স্থাপনের জন্য কমিশন প্রতি বছর অর্থায়ন করে আসছে।



