চট্টগ্রামে দুর্নীতির অভিযোগে সমালোচিত ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারের পদোন্নতি চেষ্টা: বড় অঙ্কের লেনদেনের অভিযোগ-সমালোচনা

স্টাফ রিপোর্টার: অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সমালোচিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের উপ-পরিচালক পদে পদোন্নতি পেতে তোড়জোড় শুরুর অভিযোগ উঠেছে। ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমানের মাধ্যমে অবৈধ তদবির ও বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পদোন্নতির প্রস্তাব প্রেরণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগে জানা যায়, সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের লাগামহীন অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে উঠেছেন তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা। কর্মকর্তা-কর্মচারীদের মারধর, গালিগালাজ করাসহ নানাভাবে দুর্ব্যবহারের অভিযোগে ভুক্তভোগীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার এই অপকর্মের অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
মন্ত্রণালয়ের তদন্তের নির্দেশ উপেক্ষিত সূত্র জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ০৬ মে ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কার্যালয় থেকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) বিষয়টি তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠানো হয়। তবে অভিযোগ উঠেছে, রহস্যজনক কারণে অদ্যাবধি তদন্ত কার্যক্রম শুরু করা হয়নি। উল্টো অভিযুক্ত আনোয়ার হোসেনকে স্বপদে বহাল রেখে সব ধরনের অনিয়ম চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, আনোয়ার হোসেনকে তার বর্তমান পদে বহাল রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। তাকে অবিলম্বে অন্যত্র বদলি করার জন্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করা হলেও কোনো এক ‘অদৃশ্য শক্তির’ ইশারায় তাকে বহাল তবিয়তে রাখা হয়েছে।
চলতি দায়িত্বের নামে ক্ষমতার অপব্যবহার তদন্তের নির্দেশনা থাকা সত্ত্বেও মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের (রুটিন দায়িত্ব) মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা এটিকে ‘শাস্তির বদলে পুরস্কার’ হিসেবে দেখছেন।
জানা গেছে, তিনি একজন ৭ম গ্রেডের কর্মকর্তা হওয়া সত্ত্বেও মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আদেশ ব্যতিরেকে ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তার চেয়ার ব্যবহার করছেন এবং উপ-পরিচালকের সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন—যা সরকারি চাকরিজীবী আচরণ বিধিমালার পরিপন্থী এবং সরাসরি অসদাচরণের শামিল।
কর্তৃপক্ষের বক্তব্য এসব গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে বিষটি সম্পর্কে জানতে চেয়ে তার মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।



